সেপ্টেম্বরে আসছে না নতুন আইফোন

২ আগষ্ট, ২০২০ ১২:২৬  
প্রতি বছরের মতো এবারে সেপ্টেম্বরে বাজারে আসছে না নতুন আইফোন। বিনিয়োগকারীদের সঙ্গে আয়ের হিসাব প্রকাশের সময় এ তথ্য জানিয়েছেন অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা লুকা মায়েস্ত্রি। প্রযুক্তি বিষয়ক পোর্টাল দ্য ভার্জ-কে তিনি বলেছেন, “গত বছর আমরা সেপ্টেম্বরের শেষে নতুন আইফোনের বিক্রি শুরু করেছি, আমরা আশা করছি এবছর সরবরাহ আসবে কয়েক সপ্তাহ পর।” তবে কী কারণে আইফোন সরবরাহ বিলম্বিত বা বাধাগ্রস্থ হচ্ছে তা প্রকাশ করেননি মায়েস্ত্রি। একইসঙ্গে অক্টোবরেও আসবে কি না তা স্পষ্ট করেননি তিনি। এরআগে বছরের শুরুতে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিলো বড় পরিসরে নতুন আইফোনের উৎপাদন অন্তত এক মাস পিছিয়েছে অ্যাপল। চলতি সপ্তাহের শুরুতে এমন ইঙ্গিত দিয়েছে কোয়ালকমও।